প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
জোট করলেও ট্রাক প্রতীকেই নির্বাচনে নুর

পটুয়াখালী প্রতিনিধি:: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, তার দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করলেও তারা নিজেদের নিবন্ধিত প্রতীক ‘ট্রাক’ নিয়েই নির্বাচনে অংশ নেবে।
গতকাল বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি—যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটও করি, তবুও আমাদের দলের প্রতীক ‘ট্রাক’ নিয়েই আমি পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।”
তিনি আরও জানান, তার দলের এক নেতা তাকে ঢাকায় থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। “জনগণের চাওয়া অনুযায়ী আমি পটুয়াখালী-৩ আসন থেকেই নির্বাচন করব,” বলেন নুর।
নাগরিকদের ভোটাধিকারের প্রসঙ্গে নুর বলেন, “গত কয়েক বছরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। জনগণ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে।”
তিনি আরও দাবি করেন, “আমাদের দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দোকান বা মাছের ঘের দখলের অভিযোগ নেই, চাঁদাবাজিরও কোনো অভিযোগ নেই। আমরা জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি।”
পথসভায় গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD