প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
অ্যানথ্রাক্স প্রতিরোধে নড়েচড়ে বসেছে কাউনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:: রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাউনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।
গত দুই মাসে পীরগাছা উপজেলায় শতাধিক মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হলেও স্বাস্থ্য বিভাগ এখনো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে প্রাণিসম্পদ বিভাগ সংগৃহীত নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স শনাক্ত করেছে।এ পরিস্থিতিতে “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানকে সামনে রেখে কাউনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
জানা গেছে, উপজেলায় প্রতিদিন বিভিন্ন হাটবাজারে গড়ে ২০–৩০টি গরু জবাই হয়, ক্ষেত্রবিশেষে এ সংখ্যা ৫০ ছাড়ায়। কিন্তু একজন ভেটেরিনারি সার্জনের পক্ষে ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব জায়গায় পশু পরীক্ষা করা সম্ভব নয় বিধায় মাঠ পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে।এই টিম প্রতিদিন সকালে স্থানীয় কসাইখানায় উপস্থিত থেকে জবাইয়ের পূর্বে পশুর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবে এবং সুস্থ পশু জবাই নিশ্চিত করবে।
একই সাথে জবাই-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনাও মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।
মাংস ব্যবসায়ীদের অসুস্থ পশু জবাই, ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি অ্যানথ্রাক্সসহ অন্যান্য প্রাণঘাতী জুনোটিক রোগ প্রতিরোধে ভ্যাক্সিনেশন কর্মসূচিও শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন বলেন, আমরা ইতোমধ্যে গবাদিপশুর ৩৫০০০ মাত্রা টিকা পেয়েছি। এর মধ্যে প্রায় ১৮হাজার মাত্রা টিকা প্রয়োগ করেছি। তড়কা সচেতনতামূলক ২০০০ লিফলেট বিতরণ করেছি। তড়কা সচেতনতামূলক লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা কর্মসূচি চলমান রয়েছে।
“জনস্বাস্থ্যের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। কাউনিয়া প্রেসক্লাব সভাপতি শাহ্ মোবাশ্বেরুল ইসলাম রাজু বলেন,“প্রাণিসম্পদ দপ্তরের এমন কার্যক্রম ভোক্তাদের নিরাপদ মাংস প্রাপ্তি ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাউনিয়ার সচেতন মহল প্রাণিসম্পদ দপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে আধুনিক কসাইখানা নির্মাণের দাবি তুলেছেন।
আধুনিক কসাইখানা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন,“ভোক্তাদের নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক কসাইখানা নির্মাণের দাবি যৌক্তিক। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD