প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
বরযাত্রার আগেই ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা

নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোকাব্বির হোসেনের বিয়ে ঘিরে ঘটে গেছে চাঞ্চল্যকর ঘটনা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের কৌলাটি নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকাব্বির যখন বর সেজে কনেকে আনতে প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই সেখানে উপস্থিত হয়ে এক নারী নিজেকে তার স্ত্রী দাবি করেন। ওই নারী জানান, চলতি বছরের জানুয়ারিতে পরিবারের অজ্ঞাতে মোকাব্বিরকে বিয়ে করেছেন এবং স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাসও করেছেন। কিন্তু হঠাৎ করে দ্বিতীয় বিয়ের খবর শুনে তিনি স্ত্রীর স্বীকৃতি দাবিতে সরাসরি বরের বাড়িতে হাজির হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মোকাব্বির সরে পড়েন এবং পরিবারের লোকজন ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে ওই নারী দরজার সামনে অনশনে বসে পড়েন এবং হুমকি দেন— স্ত্রীর মর্যাদা না পেলে তিনি আত্মহত্যা করবেন।
এ প্রসঙ্গে বরের পরিবার জানায়, নারীটির সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার কথা ছিল। এ নিয়ে ৩০ হাজার টাকায় সমঝোতা হওয়ার পরও সময়মতো টাকা পরিশোধ না করায় এমন ঘটনা ঘটেছে।
নারীর নানা আব্দুস ছালামও আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করে বলেন, "এটি ঘরোয়াভাবে মীমাংসা করার কথা ছিল। কিন্তু তারা ঘটনাটি জনসমক্ষে নিয়ে আসায় এখন আর সমাধান সম্ভব হচ্ছে না।"
প্রথম স্ত্রী দাবি করা ওই নারী বর্তমানে গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। এর আগে তার বিয়ে হয়েছিল ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। দুই বছর আগে সে বিয়ে বিচ্ছেদে গড়ায়। পরে মোকাব্বিরের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD