প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
ভারতে আওয়ামী আস্তানা উদঘাটন, কলকাতার ডিপ স্টেটের হেফাজতে আ.লীগ নেতারা

জুলাইয়ের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্ঘাটিত হয়েছে। তারা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা (আইবি) বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেওয়া এমন ৭৩৪ পলাতক আওয়ামী ফ্যাসিস্টের একটি ডেটাবেস তৈরি করেছে।
এই ডেটাবেসে তাদের নাম-ঠিকানা, পাসপোর্ট ও টেলিফোন নম্বরও উল্লেখ রয়েছে। ডেটাবেসটি আমাদের হাতে এসেছে।
এক অনুসন্ধানে এ তথ্য ছাড়াও পলাতকদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই এসব নেতা ভারতে পালিয়ে যায়। পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের স্ত্রী-সন্তানও সেখানে অবস্থান করছেন।
কোনো কোনো নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা, বাড়ির কাজের লোকও সঙ্গে নিয়ে গেছেন। পলাতক আওয়ামী নেতাদের নাম-ঠিকানা সংবলিত এই ডেটাবেসে তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করা হয়েছে।
ভারতে অবস্থান করা এসব নেতার মধ্যে কয়েকজন ইতোমধ্যে গণমাধ্যমে কথাও বলেছেন। তাদের কেউ কেউ পালিয়ে যাওয়ার কথা স্বীকারও করেছেন। কয়েকজনকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত টকশোতে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করতে দেখা গেছে।
অনুসন্ধানে আরো জানা গেছে, পলাতক নেতাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে এসব নেতার পাসপোর্ট ৫ আগস্টের পরপরই বাতিল করা হয়েছে। এরপরও ওই পাসপোর্ট তারা কীভাবে পেয়েছেন—তা রহস্যজনক। আরো জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছেন কলকাতায় অবস্থানরত একাধিক পুলিশ ও সামরিক কর্মকর্তা। অনুসন্ধানে এও জানা গেছে, পলাতকরা দীর্ঘদিন ধরে ভারতে বিপুল অর্থ পাচার করেছেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্ক, মার্কেটসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এসব নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণে তারা নির্দিষ্ট কিছু এলাকার বাইরে যাচ্ছেন না।
এদিকে কলকাতায় অবস্থিত আওয়ামী লীগ নেতাদের একাধিক সূত্র জানিয়েছে, এসব নেতার পারিবারিক ব্যয়ের প্রায় পুরোটাই নিয়মিত বাংলাদেশ থেকেই যাচ্ছে। এর সিংহভাগই হুন্ডির মাধ্যমে যায় বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।
পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের সুরক্ষিত একটি বাড়িতে। বাংলোর ঠিকানা হলো ১১ রাজাজি মার্গ। বাকি আওয়ামী নেতারা আস্তানা গেড়েছেন কলকাতায়। ওবায়দুল কাদের, শেখ সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী এবং শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায়।
জুলাই গণহত্যা এবং বিগত ১৫ বছর ধরে গুম, খুন, নির্যাতন, বেপরোয়া দুর্নীতিসহ নানা অপকর্মে জড়িত আ.লীগ নেতার পাশাপাশি ওই সরকারের শীর্ষ আমলা, পদস্থ পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশনার, সরকারি আইনজীবীসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরাও আশ্রয় নিয়েছেন কলকাতায়। অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD