প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
সাজেক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে গাইবান্ধায় পাঠিয়েছে সেনাবাহিনী

আর জামান নির্ঝর, খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ির সাজেকের শিজক ছড়ায় মর্মান্তিক জীপ দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।
এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায় ও খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD