প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার গাড়ি চালকের মরদেহ উদ্ধার

ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহ নগরীর বড়বাজারের একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সুমন মিয়া (৩৩) নামের একজন গাড়ি চালকের নিহত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের পুত্র। তিনি নগরীর গরুখোয়ার মোড় এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
শুক্রবার দুপুরে বড়বাজারের হিমেল হাওয়া নামে একটি নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সুমনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে সুমনের মাথা, ঘাড় ও হাতের অংশ থেতলানো অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতের স্ত্রী ময়না আক্তার জানান, সুমন বহুদিন ধরে একটি ব্যাংকের প্রাইভেটকার চালকের কাজ করতেন। তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থেকে ব্যাংক কর্মকর্তাকে গাড়ি করে নিয়ে আসছিলেন এবং বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সুমন বাড়ি না ফিরলে স্ত্রী ময়না তার খোঁজে বের হন। পরে সকালে খবর পেয়ে বড়বাজারে এসে মরদেহ শনাক্ত করেন। এদিকে, ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়না আক্তার ঘটনার অন্যান্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নির্মাণাধীন ১৩ তলা ভবনের লিফটের কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমনের মৃত্যু দুর্ঘটনা জনিত; তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD