প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2025 ইং
জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিনিধি:: আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সাংবিধানিক সংশোধনী আনতে হবে এবং নতুন আইন প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে। এছাড়া দলীয় তালিকা স্বচ্ছ রাখা, নারী ও সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং কালো টাকার ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক।
নোটিশে আরও বলা হয়েছে, যদি সরকার ১৫ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD