প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
খুলনায় আবাসিক হোটেল দেহ ব্যবসার একক নিয়ন্ত্রক! কে এই নান্নু হাওলাদার?

খুলনা প্রতিনিধি:: শিল্পনগরী খুলনা এখন রূপ নিয়েছে দেহ ব্যবসার অন্যতম আস্তানায়। নগরীর মোড়ে মোড়ে গড়ে ওঠা আবাসিক হোটেলগুলো প্রকাশ্যে চলছে অনৈতিক কর্মকাণ্ডে। আর এই ব্যবসার আড়ালে ফুলে–ফেঁপে উঠছে মাদক ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একাধিক হোটেল মালিক ও যৌনকর্মী ধরা পড়লেও শাস্তির ফাঁকফোকর গলে খুব সহজেই তারা আবারও ফিরে আসছে আগের জায়গায়।
সম্প্রতি উঠে এসেছে নতুন এক চাঞ্চল্যকর তথ্য—আবাসিক হোটেলগুলো থেকে প্রশাসনকে ‘ম্যানেজ’ করার নামে নিয়মিত অর্থ আদায় করছে নান্নু হাওলাদার নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, হাদিস পার্ক সংলগ্ন হোটেল এনিটার মালিক নান্নু প্রতি মাসে খুলনার প্রায় ৩০টিরও বেশি হোটেল থেকে লাখ লাখ টাকা তোলেন। কথিত আছে, তিনি পুলিশ ও ডিবি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রত্যেক হোটেল থেকে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করেন।
স্থানীয়দের দাবি, নান্নুর সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের যোগসাজশ আছে। প্রতি মাসে টাকা বুঝে পেলেই আইনশৃঙ্খলা বাহিনী চোখ বন্ধ করে থাকে—এমন অভিযোগ ভেসে বেড়াচ্ছে নগরজুড়ে।
ফলে প্রশ্ন উঠেছে—কোন শক্তির আশ্রয়ে এতদিন ধরে ফুলে ফেঁপে উঠছে খুলনার দেহ ব্যবসার এই সাম্রাজ্য? আর কে এই নান্নু হাওলাদার, যার সামনে প্রশাসনও নীরব?
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD